গুয়াহাটি, ২৭ নভেম্বর: নিষিদ্ধ তামাকজাত পণ্যের বেআইনি সরবরাহ ও বিক্রির মাধ্যমে অর্থপাচারের অভিযোগে অসম এবং মেঘালয়ের ৬টি স্থানে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার গুয়াহাটি আঞ্চলিক দফতরের আধিকারিকেরা এই অভিযান চালান।

উদয় চৌরাসিয়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংস্থা ও বাসভবনে তল্লাশি চালানো হয়েছে। অসমের গুয়াহাটি ও পালাশবাড়ি এবং মেঘালয়ের শিলঙে অভিযান হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, জাল নথি ব্যবহার করে চৌরাসিয়া নিষিদ্ধ গুটখা, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের সরবরাহ ও বিক্রি চালাতেন। ওই কারবার থেকে হওয়া অর্থের লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে।

অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে তল্লাশি চালানো হয়েছে। যে সব স্থানে অভিযান হয়েছে, তার মধ্যে মামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা দু’টি পান মশলা সংস্থাও রয়েছে।

ইডি বেআইনি কারবার সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছে। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না বা কোনও সম্পত্তি কিংবা নথি বাজেয়াপ্ত হয়েছে কি না, সে সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।