নেপিডো, ২৮ নভেম্বর: ম্যানমারের সংঘাতপীড়িত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর দাবি, নিহতের সংখ্যা ১৭ পর্যন্ত হতে পারে। হামলায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে হামলাটি হয়। ওই এলাকায় বহু অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। দুই বাস্তুচ্যুত ব্যক্তির বিয়ের অনুষ্ঠান চলছিল যে বাড়িতে, সেখানেই বোমা বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কাছ দিয়ে বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন তিনি। এলাকায় হামলা হতে পারে বলে তাঁর ধারণা হয়নি। কিছু ক্ষণ পরে বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে ১৭টি দেহ এবং বহু আহতকে দেখেছেন বলে তাঁর দাবি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ছ’টি আলাদা দেহ দেখা গিয়েছে। মৃতদের মধ্যে এক মহিলা ও এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা এবং হামলার সম্পূর্ণ পরিস্থিতি এখনও নিশ্চিত নয়।

২০২১ সালে আং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে ম্যানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোয়ে বাই শহর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রামাঞ্চলে বিরোধী শক্তির সক্রিয়তা রয়েছে।