ওয়েলিংটন, ২৮ নভেম্বর: নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা হারাল প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন শাসক জোট। ১৩০ আসনের সংসদে সরকার গড়তে ৬৬টি আসন দরকার হলেও ন্যাশনাল পার্টি, নিউজিল্যান্ড ফার্স্ট এবং অ্যাক্ট পার্টির জোট পেয়েছে ৬৫টি আসন।

ফলে সরকার গঠনের জন্য নতুন মধ্যপন্থী দল অপর্চুনিটি পার্টির সমর্থন প্রয়োজন হবে জোটের। আসন ভাগাভাগি এবং সরকার গঠনের চুক্তি না হলে দেশে ফের নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার বিশেষ ভোট গণনার পরে চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিদেশে থাকা ভোটার এবং নিজেদের নির্বাচনী এলাকার বাইরে ভোট দেওয়া মানুষদের এই ভোটের জেরে কয়েকটি আসনের ফল বদলে গিয়েছে।

ন্যাশনাল পার্টির আসন দু’টি কমে হয়েছে ৪০। লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। গ্রিন পার্টির দখলে ১৭টি, অ্যাক্ট পার্টির ১৩টি, নিউজিল্যান্ড ফার্স্টের ১২টি, অপর্চুনিটি পার্টির ৭টি এবং তে পাতি মাওরি দলের ৫টি আসন রয়েছে।

অকল্যান্ডের ব্যবসায়ী কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন অপর্চুনিটি পার্টি জানিয়েছে, জলবায়ু ও পরিবেশনীতি, রাজনৈতিক অনুদানের ঊর্ধ্বসীমা নির্ধারণ, স্বাস্থ্যক্ষেত্রে ১০ বছরের সর্বদলীয় পরিকল্পনা, মাছ ধরায় তলদেশীয় জালের ব্যবহার বন্ধ এবং জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি জোরদারের প্রশ্নে তারা আপস করবে না।

লাক্সন জানিয়েছেন, ন্যাশনাল পার্টি নিউজিল্যান্ড ফার্স্ট, অ্যাক্ট এবং অপর্চুনিটি পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। তবে আলোচনা সহজ হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ওং লাক্সনের সঙ্গে কথা বলার কথা নিশ্চিত করলেও বলেছেন, নিউজিল্যান্ড ফার্স্টের নেতা উইনস্টন পিটার্সকে বিদেশমন্ত্রী করা হলে সরকার গঠনের চুক্তিতে তাঁর দল যোগ দেবে না।

বিশেষ ভোটে তিনটি নির্বাচনী এলাকার ফল বদলেছে। ন্যাশনাল পার্টির কাছ থেকে ওয়াইরারাপা ও হ্যামিল্টন ইস্ট জিতেছে লেবার পার্টি। লেবার পার্টির কাছ থেকে ওয়েলিংটন বে পেয়েছে গ্রিন পার্টি। ন্যাশনাল পার্টি ৩ ডিসেম্বরের মধ্যে পুনর্গণনার আবেদন করতে পারবে। একটি আসন ফের জিততে পারলে অপর্চুনিটি পার্টির সমর্থন ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা পাবে জোট।

লেবার নেতা ক্রিস হিপকিন্স বলেছেন, তাঁর দল সর্বাধিক দলীয় ভোট পেলেও সরকার বদলাতে না পারায় তিনি হতাশ। নতুন সরকার গঠনে চার দলের মধ্যে দীর্ঘ আলোচনা চলতে পারে। ২০২৩ সালের নির্বাচনের পরে সরকার গঠনের আলোচনা শেষ হতে পাঁচ সপ্তাহ লেগেছিল। এ বারও নতুন সরকারের চূড়ান্ত রূপ নির্ধারণে কয়েক সপ্তাহ লাগতে পারে।