কায়রো, ২৮ নভেম্বর: মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ব্যস্ত রিং রোডে তেলবাহী ট্যাঙ্কার উল্টে ভয়াবহ আগুনে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন।

বুধবার গিজা এলাকার জনবসতিপূর্ণ ওয়ারাক অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পরেই আগুন লাগে। দ্রুত সেই আগুন আশপাশের অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে।

স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে ২০টির বেশি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল জ্বলন্ত গাড়ি থেকে মানুষকে বার করার চেষ্টা চালায় এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

যানজটে আটকে থাকা প্রত্যক্ষদর্শী আহমেদ সামীর জানান, তিনি তেলবাহী ট্রাকটির সঙ্গে বেশ কয়েকটি গাড়িকে জ্বলতে দেখেছেন। তাঁর দাবি, জ্বলে যাওয়া গাড়ি থেকে অন্তত আটটি দেহ বার করা হয়েছিল।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিচয় নিশ্চিত করতে সরকারি কৌঁসুলির দফতর ডিএনএ পরীক্ষা চালাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গাফ্ফার জানিয়েছেন, আহতদের কাছের হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করে তিনি পরে তা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। ধ্বংসাবশেষ সরানোর পরে রিং রোডটি ফের খুলে দেওয়া হয়।