নতুন দিল্লি, ২৮ নভেম্বর: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল বলে অভিযোগ। এই মামলায় আদালতে দু’টি রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ।
আদালতের নির্দেশে তদন্তের অগ্রগতি সংক্রান্ত ২৭ নভেম্বরের রিপোর্টে পুলিশ জানিয়েছে, অভিযোগটি দিল্লির আই পি এস্টেট থানার এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাই প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি নিউ দিল্লি জেলায় পাঠানো হয়। পরে তা তুঘলক রোড থানায় হস্তান্তরিত হয়।
পুলিশের বক্তব্য, ১৯৮০ এবং ১৯৮৩ সালের ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম ছিল কি না, তা জানতে নিউ দিল্লি জেলার জেলাশাসকের দফতরের কাছে তথ্য চাওয়া হয়েছিল। ওই দফতর দু’টি তালিকাতেই তাঁর নাম থাকার কথা নিশ্চিত করেছে।
তবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় ফর্ম-৬ এবং অন্য নথি এখনও পাওয়া যায়নি। নথিগুলি উদ্ধারের চেষ্টা চলছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
সনিয়া গান্ধী কবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি শাখাকেও নোটিস পাঠানো হয়েছিল। পুলিশের রিপোর্ট অনুযায়ী, আন্তোনিয়া মাইনো ওরফে সনিয়া গান্ধীর নাগরিকত্বের শংসাপত্র জারি হয়েছিল ১৯৮৩ সালের ৩০ এপ্রিল।
অভিযোগকারীর আইনজীবী বিকাশ ত্রিপাঠীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী নীরজ। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১৪ ডিসেম্বর। তত দিন নথি উদ্ধারের তদন্ত চালিয়ে যাবে পুলিশ।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ। তদন্ত শেষ হলেই বিষয়টি স্পষ্ট হবে।