আসাদাবাদ, ২৯ নভেম্বর: আফগানিস্তানের পূর্ব কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের কাছে একটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহতের খবর মিলেছে। শনিবার, ২৮ নভেম্বর এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের অধিকাংশই শিশু ও পড়ুয়া বলে জানা গিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় খনন সংস্থাগুলির জন্য মজুত রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণটি ঘটে। কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য দফতরের অধিকর্তা সামি উল হক বায়ান জানিয়েছেন, বিস্ফোরক সামগ্রী ব্যবস্থাপনায় গাফিলতির জেরেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাদেশিক এক আধিকারিকের সর্বশেষ হিসাবে, ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৯০ জনের বেশি। আহতদের অধিকাংশকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও, প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্যও সামনে এসেছে। অন্য একটি হিসাবে, ১০ জনের মৃত্যু এবং ১১০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং বিস্ফোরক মজুতের ক্ষেত্রে কী ভাবে গাফিলতি হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।