নতুন দিল্লি, ২৯ নভেম্বর: ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে সাইবার প্রতারণা, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি প্রতিরোধের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারের ‘সঞ্চার সাথী’ মঞ্চের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দাবি করেন, এই ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য সাইবার প্রতারণায় ৫,০০০ কোটি টাকারও বেশি ক্ষতি ঠেকানো গিয়েছে। তাঁর কথায়, মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। তাতে যোগাযোগের তথ্য, ছবি, গুরুত্বপূর্ণ নথি-সহ নানা মূল্যবান তথ্য থাকে। ফলে মোবাইল হারানো বা সাইবার অপরাধের শিকার হওয়া সাধারণ মানুষের বড় সমস্যার কারণ হতে পারে।
মোদী জানান, এখনও পর্যন্ত ‘সঞ্চার সাথী’ পোর্টালে ৩০ কোটির বেশি বার প্রবেশ করা হয়েছে এবং এর অ্যাপ প্রায় ৩ কোটি বার ডাউনলোড হয়েছে। ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ, টেলিকম সংস্থা ও পুলিশ-সহ ১,৬০০টির বেশি প্রতিষ্ঠান এই ব্যবস্থার সঙ্গে যুক্ত। এর ফলে বহু সাইবার প্রতারণার চেষ্টা সময়মতো ব্যর্থ করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।
সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ‘আইগট কর্মযোগী’ ডিজিটাল মঞ্চের কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সেখানে ১৭টি ভারতীয় ভাষায় ৭,০০০টির বেশি পাঠ্যক্রম রয়েছে। এর মধ্যে এআই এবং নতুন প্রযুক্তি সংক্রান্ত ২০০টির বেশি পাঠ্যক্রম রয়েছে। সরকারি কর্মীদের মধ্যে এই বিষয়গুলি শেখার আগ্রহ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
‘নেশামুক্ত যুব অভিযান’-এর অগ্রগতির কথাও অনুষ্ঠানে উল্লেখ করেন মোদী। দৃঢ় ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের জোরে বহু তরুণ-তরুণী মাদকাসক্তি কাটিয়ে উঠতে পেরেছেন বলে তিনি জানান।
এর আগে, ২৫ অক্টোবর সম্প্রচারিত ‘মন কি বাত’-এর ১৩৯তম পর্বে অনুষ্ঠানের ১২ বছর পূর্তির কথা উল্লেখ করে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের অবদান এবং সমাজের নানা সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী।