নয়াদিল্লি, ৫ নভেম্বর: কোনও ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার ২৪ ঘণ্টার সময়সীমা তাঁর আটকের মুহূর্ত থেকেই শুরু হবে, আনুষ্ঠানিক গ্রেফতারের পর থেকে নয়। বৃহস্পতিবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চের রায়ে এ কথা বলা হয়েছে।
আদালত জানিয়েছে, আটক ও গ্রেফতারের মধ্যে ফারাক থাকলেও দু’টির ফলেই ব্যক্তির মৌলিক স্বাধীনতা সীমিত হয়। ইউএপিএ বা পিএমএলএ-র মতো বিশেষ আইনে জামিনের অধিকার কঠোর ভাবে নিয়ন্ত্রিত হলেও মৌলিক অধিকারেরই অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত।
ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করিয়ে কাউকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখা হলে তাঁকে মুক্তি দিতে হবে। ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার সময় আটকের নির্দিষ্ট তারিখ ও সময় নথিভুক্ত করাও বাধ্যতামূলক, যাতে ২৪ ঘণ্টার সময়সীমা মানা হয়েছে কি না, তা যাচাই করা যায়।
বিচারপতি ভুঁইয়া লিখেছেন, সংবিধানের অনুচ্ছেদ ২২(২)-এ আটক ব্যক্তিকে গ্রেফতার করার আগে গ্রেফতারকারী কর্তৃপক্ষের অনুসন্ধান বা তদন্তে যে সময় লাগে, তা বাদ দেওয়ার অনুমতি নেই। কেবল গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় যাত্রার সময়ই ব্যতিক্রম হিসেবে ধরা যাবে।