নয়াদিল্লি: মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সন্দেহজনক শিশু যৌন নির্যাতন সংক্রান্ত ছবি-ভিডিয়ো ছড়ানোর অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
8 অক্টোবর তথ্যপ্রযুক্তি আইন, 2000-এর 67 এবং 67বি ধারায় মামলাটি রুজু হয়। ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল কনটেন্ট প্রকাশ বা পাঠানোর ক্ষেত্রে 67 ধারা এবং শিশুদের যৌন স্পষ্ট আচরণ বা দৃশ্য সংবলিত কনটেন্ট প্রকাশ বা পাঠানোর ক্ষেত্রে 67বি ধারা প্রযোজ্য।
অভিযোগে প্রায় 10টি লিঙ্ক চিহ্নিত করা হয়েছিল, যেখানে ওই ধরনের কনটেন্ট ছড়ানোর অভিযোগ ওঠে। অভিযোগগুলির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগো এক্স-এ জানান, কমিশনের নির্দেশের পর মেটা ইন্ডিয়া পরিচালিত প্ল্যাটফর্মগুলিতে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত কনটেন্ট থাকার অভিযোগে দিল্লি পুলিশ এফআইআর করেছে।
স্পেশ্যাল সেল এখন লিঙ্কগুলি এবং অভিযোগে উল্লিখিত কনটেন্ট খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা ও কনটেন্টের উৎস নিয়ে তদন্তে কী উঠে আসে, এখন নজর সেদিকেই।