নয়াদিল্লি, ৫ নভেম্বর: পুরনো দিল্লির ব্যস্ত চাওড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা একটি বাড়ি। এই ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৯টা ৫০ মিনিট নাগাদ চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় এই দুর্ঘটনা ঘটে। বাড়িটি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা।

উদ্ধারকাজের জন্য জলের ট্যাঙ্কার ও উদ্ধারকারী গাড়ি-সহ অন্তত ছ’টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পদস্থ আধিকারিকরা। তাঁরাই উদ্ধারকাজের তদারকি করছেন।

ধ্বংসস্তূপের নীচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও স্পষ্ট নয়।

দীপাবলির আগে পুরনো দিল্লির চাওড়ি বাজার ও চাঁদনি চক এলাকায় ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় বেড়েছে। এমন ব্যস্ত সময়ে বাজার এলাকার মধ্যে বাড়ি ভেঙে পড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার এক দিন আগেই চাঁদনি চকের ঐতিহাসিক টাউন হলের একটি অংশ ভেঙে পড়েছিল। ১৬০ বছরেরও বেশি পুরনো ওই ঐতিহ্যবাহী ভবনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।