নতুন দিল্লি, ২৯ নভেম্বর: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত কেন্দ্রের প্রস্তাবিত বিল ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সংসদের বিশেষ অধিবেশন শুরুর এক দিন আগে বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা জোটের ভিতরের মতভেদ মেটানোর চেষ্টা করছেন।

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। দলের সভাপতি তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে রবিবার চেন্নাইয়ে পৌঁছেছেন কংগ্রেসের প্রবীণ নেত্রী সনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ইন্ডিয়া জোটের প্রবীণ নেতাদের একটি প্রতিনিধিদলেরও স্ট্যালিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

এনসিপি (এসপি)-র প্রধান শরদ পওয়ারের সঙ্গেও আলোচনার পরিকল্পনা হয়েছে। প্রস্তাবিত বিলটিতে ডিএমকে ও এনসিপি (এসপি)-র সমর্থনের সম্ভাবনা বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

এ দিকে, মহারাষ্ট্র কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার জানিয়েছেন, শরদ পওয়ারকে ‘বিশ্বাসঘাতক’ বলার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রস্তুত। রবিবার নাগপুরে তিনি বলেন, পওয়ার যদি বিলটিকে সমর্থন না করেন, তা হলে তাঁর পায়ে মাথা ঠেকিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রবিবার বিরোধী দলগুলির উদ্দেশে মহিলা সংরক্ষণ নিয়ে বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দিলে মহিলা ক্ষমতায়ন ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ‘নারী শক্তি বন্দন সংশোধনী’-কে সময়ের দাবি বলে উল্লেখ করে সব দলকে এই পদক্ষেপে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।

কংগ্রেস লোকসভার সব সাংসদকে বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলা ওই অধিবেশনে কেন্দ্র সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ২০২৬ পেশ করার পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বিলে লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে। এর মধ্যে রাজ্যগুলি থেকে সর্বাধিক ৮১৫ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫ জন সদস্য থাকার প্রস্তাব রয়েছে। রাজ্য বিধানসভাগুলির সর্বাধিক সদস্যসংখ্যা ৫০০ থেকে ৬৫০ করার প্রস্তাবও রয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার পথ খুলবে বলে কেন্দ্র জানিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আগের সংবিধান সংশোধনী বিলটি লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে বার বিলের পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি। নতুন প্রস্তাব ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ফের রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে।