আগরতলা, ৬ নভেম্বর: ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়িতে সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ানদের উপর হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে নাম থাকা ১৯ জন অভিযুক্তের মধ্যে এখনও একজন অধরা।
বৃহস্পতিবার গভীর রাতে আরও আটজনকে গ্রেফতার করা হয়। এর আগে ৩ নভেম্বর ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাকি অভিযুক্তকেও দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনার তদন্ত চলছে।
অভিযোগ, আশাবাড়ি এলাকায় কর্তব্যরত BSF জওয়ানদের উপর সন্দেহভাজন চোরাকারবারি এবং কয়েকজন গ্রামবাসী হামলা চালায়। এই ঘটনায় চারজন BSF জওয়ান আহত হন।
বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘটনা পর্যালোচনা করা হয়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্তপারের চোরাচালান বন্ধের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা, ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক জি এস রাও, স্বরাষ্ট্রসচিব অভিষেক সিং এবং BSF-এর ইন্সপেক্টর জেনারেল প্রিন্সি রানি উপস্থিত ছিলেন। CRPF ও অসম রাইফেলসের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।
মুখ্যমন্ত্রী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।
সীমান্তপারের চোরাচালান রুখতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মানিক সাহা।