শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়’-এ দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাকের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুললেন দিল্লির পটপড়গঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী, যিনি রবি নেগী নামে পরিচিত। দৃশ্যটি না সরালে দেশ জুড়ে প্রতিবাদ এবং ছবি বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেগী বলেন, গান থেকে গেরুয়া পোশাকের দৃশ্যটি বাদ দিতে হবে। তাঁর দাবি, ওই রঙের ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা হয়েছে।

“সনাতন ধর্মের বিরুদ্ধে কোনও কথা সহ্য করা হবে না,” বলেছেন নেগী।

শাহরুখকে উদ্দেশ করে সাম্প্রদায়িক আপত্তিকর মন্তব্যও করেন বিজেপি বিধায়ক। অভিনেতাকে ‘জেহাদি’ বলে অভিহিত করে তাঁর অভিযোগ, ভারতে উপার্জন করেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।

নেগীর দাবি, দৃশ্যটি না সরানো হলে সনাতনী সংগঠনগুলিও প্রতিবাদে নামবে। সেই সঙ্গে দেশ জুড়ে ছবিটি বয়কটের আহ্বান জানানো হবে বলেও তিনি জানান।

শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর প্রকাশিত হয়েছিল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়’। সেখানে শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। দীপিকার গেরুয়া পোশাক নিয়ে প্রথমে সমাজমাধ্যমে আলোচনা শুরু হলেও, নেগীর মন্তব্যের পরে তা রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখ, দীপিকা ছাড়াও রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়। ছবিটি ২৪ ডিসেম্বর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।