সেউনী/কাটনি, ৯ নভেম্বর: দীপাবলির উৎসবের মধ্যেই মধ্যপ্রদেশের সেউনী ও কাটনি জেলায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। মৃতদের মধ্যে দু’মাসের একটি শিশুও রয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সেউনী জেলার ছাপারা শহরের মহাবীর ওয়ার্ডে সোনার কারিগর কুন্দনলাল সোনির তিনতলা বাড়িতে আগুন লাগে। সে সময় বাড়িতে পরিবারের ১০ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয় এবং চার জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সেউনীর ঘটনায় মৃতেরা হলেন কুন্দনলাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী সোনি (৬৫), রীতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি (৪৫) এবং আদিত্য সোনি (১৬)। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

অন্য দিকে, কাটনি জেলার বরহী শহরে দীপাবলির রাতে একটি ক্রোকারি দোকানে আগুন লাগে। তিনতলা ওই ভবনের দোকান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একই পরিবারের ছ’জনের মৃত্যু হয় এই ঘটনায়।

মৃতদের মধ্যে রয়েছেন দোকানের মালিক পুরণ আগরওয়াল (৭৭), তাঁর স্ত্রী চন্দ্রকলা (৭৪), পুত্রবধূ পুনম, নাতনি আর্যা (১৪) ও অন্বী (৬), এবং দু’মাসের একটি শিশু। প্রত্যক্ষদর্শীদের মতে, মা পুনমের কোলেই শিশুটির মৃত্যু হয়।

দুই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ফোনে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।