হায়দরাবাদ, ১০ নভেম্বর: ঋণের টাকা আদায়ের জন্য মানসিক হেনস্থা এবং অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগের পর হায়দরাবাদে আত্মহত্যা করেছেন ৩১ বছরের এক পুলিশ কনস্টেবল। মৃতের নাম মুদাভাথ শ্রীনু। সোমবার সকালে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

শ্রীনু হর্ষগুড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং কোন্ডাপুর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। চার মাস আগে একটি মোবাইল ঋণ অ্যাপের মাধ্যমে তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

পাহাড়ীশরীফ থানার পরিদর্শক লক্ষ্মী নারায়ণ রেড্ডি জানিয়েছেন, সময়মতো ঋণ শোধ করতে না পারার পর থেকেই শ্রীনুকে বার বার ফোন করে হেনস্থা করা হচ্ছিল। অভিযোগ, দীপাবলির ছুটির সময়ে প্রায় প্রতি ঘণ্টায় তাঁকে ফোন করে টাকা মেটানোর দাবি করা হতো।

পুলিশের দাবি, ঋণ আদায়ের জন্য শ্রীনু ও তাঁর স্ত্রীর অশ্লীল ছবি বিকৃত করে পরিবারের সদস্য এবং গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তাঁকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ মামলা রুজু করে ঋণ অ্যাপ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। হুমকি ও হেনস্থার অভিযোগের সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।