দিল্লি: কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ঝাঁপ দিয়েছেন নয়ডার বাসিন্দা রঞ্জিত নামে ২৯ বছরের এক যুবক। তাঁর খোঁজে উদ্ধার অভিযান চলছে।

দক্ষিণ-পূর্ব জেলার ডেপুটি ডিভিশনাল ওয়ার্ডেন রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ খবর আসে, ২৬-২৭ বছর বয়সি এক যুবক যমুনায় ঝাঁপ দিয়েছেন। খবর পাওয়ার পরেই সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক করা হয় এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

তিনি জানান, যুবকের ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। যুবক নয়ডার বাসিন্দা। বাড়িতে কোনও সমস্যা হয়ে থাকতে পারে বলে ভাই ইঙ্গিত দিলেও, এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান এখনও চলছে। দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন রাজেশ কুমার সিনহা।