ঢাকা, ১০ নভেম্বর: বাংলাদেশে ফিরলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মহম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিজের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে হাসিনার।
২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বর মাসে ঢাকার একটি আদালত হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। উসকানি দেওয়া, হত্যার নির্দেশ দেওয়া এবং নৃশংসতা রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে এখন আর নিয়মিত আপিল করার সুযোগ নেই বলে তাঁর দাবি। বাংলাদেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
৭৯ বছর বয়সি শেখ হাসিনা বারবার জানিয়েছেন, ডিসেম্বর মাসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান তিনি। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তিনি সেখানেই রয়েছেন।
AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরলে তাঁকে ফাঁসির মুখোমুখি হতে হতে পারে, সে বিষয়ে তিনি সম্পূর্ণ সচেতন। তবে ভয় তাঁর জনগণের প্রতি কর্তব্য নির্ধারণ করতে পারে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
২০২৪ সালের অগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের জেরে হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বিক্ষোভকারীরা তাঁর সরকারি বাসভবনে ঢুকে পড়ার সময় তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান।
রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন দমনের সময় সর্বোচ্চ ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল। বিচার চলাকালীন আদালতে হাজির হননি হাসিনা। তিনি বিচারপ্রক্রিয়াকে 'ন্যায়শাস্ত্রের প্রহসন' বলে অভিহিত করেছিলেন।
এদিকে, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লি জানিয়েছে, আবেদনটি আইনি পর্যালোচনার অধীনে রয়েছে। হাসিনার ভারতে অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও প্রভাব ফেলেছে।
চলতি সপ্তাহে হাসিনার আইনজীবীরা তাঁর পাসপোর্ট নবীকরণের আবেদনও জানিয়েছেন। তবে কোথায় বা কবে তিনি যাত্রা করতে চান, তা আবেদনে উল্লেখ করা হয়নি।