গুয়াহাটি: মহানগরীর পাঞ্জাবাড়িতে অবস্থিত পুরবী ডেয়ারি থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিলগ্রাম ও শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সংলগ্ন এলাকার একাংশ বাসিন্দার দাবি, তাঁরা দুর্গন্ধ ও শারীরিক অস্বস্তির মুখে পড়ছেন।

বিষয়টি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নজরে আনা হলে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি তাঁর নজরে আনা হলে মুখ্যমন্ত্রী জানান, অভিযোগটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না।

তবে বিষয়টি পরীক্ষা করে দেখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলা হবে বলে জানান তিনি। ওই দিনই পর্ষদকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবাড়ি ও আশপাশের এলাকার বাসিন্দারা দুর্গন্ধ এবং সম্ভাব্য গ্যাস নির্গমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।