নয়াদিল্লি, ১১ নভেম্বর: দিল্লি-এনসিআর অঞ্চলে মাদার ডেয়ারির বিভিন্ন ধরনের দুধের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বাড়ছে। নতুন দাম কার্যকর হবে ১২ নভেম্বর থেকে।
কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির একটি অংশ ক্রেতাদের উপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ বিষয়ে মাদার ডেয়ারির মুখপাত্র কোনও মন্তব্য করেননি।
নতুন দামে প্যাকেটজাত ফুল ক্রিম দুধের দাম লিটারে ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হবে। টোনড দুধের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা এবং ডাবল টোনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা হবে।
বাল্কে বিক্রি হওয়া টোনড দুধের দাম লিটারে ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হবে। গরুর দুধের দামও ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের ১৪ মে দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। তারও আগে ২০২৫ সালের এপ্রিল মাসে দাম সংশোধন করা হয়েছিল।
দিল্লি-এনসিআর অঞ্চলে প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি। সারা দেশে সংস্থাটির দৈনিক দুধ বিক্রির পরিমাণ ৫০ লক্ষ লিটারের বেশি। দুধ বিক্রি থেকে পাওয়া অর্থের ৭৫ থেকে ৮০ শতাংশ কৃষকদের দেওয়া হয় বলে জানা গিয়েছে।