ভেরগাঁও, ১১ নভেম্বর: দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধানে ওদালগুড়ি জেলার ভেরগাঁওয়ে নতুন সংযোগকারী রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসওপিডি-বিটিসি প্রকল্পের অধীনে ২০২৬-২৭ আর্থিক বছরে খাগ্রাবাড়ি থেকে মাজগাঁও ভাটৌ মন্দির হয়ে ভেরগাঁও পিডব্লিউডি রাস্তা পর্যন্ত সংযোগকারী আইসিবিপি রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভেরগাঁও টিসিএলসিসির অধ্যক্ষ মহেন্দ্র বসুমতারীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ্বর বড়ো আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের সূচনা করেন।

দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় এলাকার বাসিন্দাদের যাতায়াতে নানা সমস্যার মুখে পড়তে হত। দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের চলাচলেও অসুবিধা হচ্ছিল।

এই রাস্তা নির্মাণ হলে এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটিকে স্বাগত জানিয়ে গ্রামবাসীরা মহেন্দ্র বসুমতারীকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকার উন্নয়নে আগামী দিনেও বিভিন্ন কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।