শ্রীনগর, ১১ নভেম্বর: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের গুলিচালনায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তিন জওয়ান আহত হয়েছেন। বুধবার দুপুরে নওপোরা এলাকায় ঘটনাটি ঘটে।
মীর বাজারের কাছে নওপোরা-আখরান এলাকায় সিআরপিএফের একটি টহলদলকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আহত তিন জওয়ানকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।