নুমালীগড়, মঙ্গলবার: নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পেট্রোলিয়াম পণ্য পরিবহণের জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের আহ্বান করা পুরনো দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। সংশোধিত শর্তে নতুন করে দরপত্র ডাকা হবে।

দরপত্রের শর্ত নিয়ে বিভিন্ন সংগঠনের আপত্তি ও বিক্ষোভের পর গোলাঘাট জেলাশাসকের দফতরে মঙ্গলবার একটি বৈঠক হয়। গোলাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে ডাকা ওই বৈঠকে ছাত্র ও যুব সংগঠন-সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নুমালীগড় রিফাইনারি লিমিটেডের মুখ্য মহাপ্রবন্ধক মিন্টু শইকিয়া, সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বরার পাশাপাশি বিপিসিএলের আধিকারিকেরাও বৈঠকে ছিলেন। দীর্ঘ আলোচনার পরে উপস্থিত প্রতিনিধিরা পুরনো দরপত্র বাতিল এবং সংশোধিত শর্তে নতুন দরপত্র আহ্বানের ব্যাপারে সহমত হন।

বেকার যুবক-যুবতিদের যাতে পরিবহণ-সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় সমান সুযোগ মেলে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।