শুধু প্যান কার্ড বা ভোটার পরিচয়পত্র ভারতীয় নাগরিকত্বের প্রামাণ্য দলিল হতে পারে না বলে জানাল গুয়াহাটি হাইকোর্ট। এই নথিগুলির ভিত্তিতে থাকা মূল তথ্য ও সংশ্লিষ্ট নথি যথাযথ ভাবে প্রমাণিত না হলে সেগুলিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না বলে আদালতের পর্যবেক্ষণ।
বিদেশি ট্রাইব্যুনালের তরফে বিদেশি ঘোষিত কুলচান বেগমের আবেদন খারিজ করে বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি সুষ্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ২৫ মার্চ, ১৯৭১-এর পরে ভারতে প্রবেশ করা বিদেশি হিসেবে কুলচান বেগমকে ঘোষণা করার ট্রাইব্যুনালের আগের সিদ্ধান্তও বহাল রেখেছে আদালত।
আদালত জানিয়েছে, আয়কর দফতর ও ভারতের নির্বাচন কমিশন কোনও আনুষ্ঠানিক তদন্ত ছাড়াই ব্যক্তির নিজের আবেদনের ভিত্তিতে প্যান কার্ড ও ভোটার কার্ড ইস্যু করে। ফলে, এই কার্ডগুলির সমর্থনে থাকা মূল নথি প্রমাণিত না হলে শুধু ওই কার্ডের ভিত্তিতে নাগরিকত্বের দাবি গ্রহণযোগ্য নয়।
কুলচান বেগমের দাবি ছিল, তাঁর জন্ম অসমে ২৫ এপ্রিল, ১৯৭৭ সালে। নাগরিকত্বের দাবির সমর্থনে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকায় তাঁর দাবি করা দাদু-ঠাকুমার নাম, বাবার প্যান কার্ড ও ইপিক ভোটার কার্ড, নিজের ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড এবং জাতীয় নাগরিকপঞ্জিতে আবেদনের স্বীকৃতিপত্র জমা দেন। তাঁর দাবি ছিল, তাঁর বাবা ভারতীয় নাগরিক এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি গুয়াহাটি পুরনিগমের নির্বাচিত কাউন্সিলরও ছিলেন।
তবে আদালতের মতে, কুলচান বেগম তাঁর দাবি করা বাবা ও দাদু-ঠাকুমার সঙ্গে পারিবারিক এবং বংশগত সম্পর্ক নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে পারেননি। নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬(ক)(২) ধারা অনুযায়ী তাঁর দাবি করা দাদু-ঠাকুমা ও বাবার অসমে নিরবচ্ছিন্ন বসবাসের প্রমাণও মেলেনি। আদালত জানিয়েছে, তাঁর দাবি করা বাবার নাম প্রথম ১৯৯৭ সালের ভোটার তালিকায় দেখা যায়, যেখানে তাঁর বয়স ৫০ বছর লেখা ছিল।
ওয়ার্ড সভার প্রতিনিধির দেওয়া শংসাপত্রটি যিনি দিয়েছিলেন, তাঁর মাধ্যমে তা প্রমাণ করা হয়নি বলেও আদালত উল্লেখ করেছে। জাতীয় নাগরিকপঞ্জিতে আবেদনের স্বীকৃতিপত্রের ক্ষেত্রেও মূল নথি জমা পড়েনি। রেশন কার্ড ও ২০১৮ সালের ভোটার তালিকাও কুলচান বেগমের সঙ্গে তাঁর দাবি করা বাবা-মায়ের সম্পর্ক প্রতিষ্ঠার পক্ষে যথেষ্ট নয় বলে জানিয়েছে আদালত।
আগের আইনজীবীর ভুল পরামর্শের কারণে অতিরিক্ত সাক্ষী ও প্রমাণ দিতে পারেননি বলে কুলচান বেগম যে দাবি করেছিলেন, তা মানেনি ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, বিদেশি ট্রাইব্যুনাল তাঁকে অতিরিক্ত প্রমাণ দেওয়ার একাধিক সুযোগ দিয়েছিল। আবেদন খারিজের পাশাপাশি ২০২২ সালে তাঁকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশও প্রত্যাহার করেছে হাইকোর্ট।