আগরতলা, ১১ নভেম্বর: ত্রিপুরার জনজাতি সমাজকে নিয়ে বক্সনগরের বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিধায়কের নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন টিপ্রা মথা পার্টির বিধায়ক পল ডাংসু।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিধায়কের নির্বাচনী প্রচারের একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডাংসু মন্তব্যটিকে সংকীর্ণতা ও অহংকারের প্রকাশ বলে দাবি করেছেন।
ভিডিওটিতে জনজাতি মানুষ সম্পর্কে ‘শূকরের সঙ্গে খায়, বংশবৃদ্ধি করে এবং বাস করে’ বলা হয়েছে বলে অভিযোগ। ডাংসুর বক্তব্য, এ ধরনের ভাষা জনজাতি সমাজের প্রতি অবজ্ঞার মনোভাবই প্রকাশ করে।
টিপ্রা মথা পার্টি এবং জনজাতি মানুষকে বিদ্রুপ ও ঠাট্টা করার অভিযোগও তুলেছেন তিনি। তাঁর কথায়, রাজনৈতিক মতভেদ বা নির্বাচনী প্রচারের নামে কোনও সম্প্রদায়ের সংস্কৃতি, জীবিকা ও পরিচয়কে অপমান করার অধিকার কারও নেই।
বক্সনগরের বিজেপি বিধায়কের জনজাতি সমাজের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন পল ডাংসু।