পাসিঘাট, ১০ নভেম্বর: প্রস্তাবিত সিয়াং উচ্চ বহুমুখী প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জওহরলাল নেহরু কলেজের অন্তত ১৮ জন পড়ুয়ার দ্রুত মুক্তির দাবি জানাল কলেজের ছাত্র সংগঠন জেএনসিএসইউ। ডিসেম্বরে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা মাথায় রেখে পূর্ব সিয়াং জেলার পুলিশ সুপারের কাছে এই আর্জি জানিয়েছে সংগঠনটি।
পুলিশ সুপার পঙ্কজ লাম্বাকে পাঠানো আবেদনে ছাত্র সংগঠনের বক্তব্য, দীর্ঘ দিন আটক থাকলে পড়ুয়াদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হতে পারে। প্রযোজ্য আইনি প্রক্রিয়া মেনেই তাঁদের মুক্তির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।
পড়ুয়ারা মুক্তি পেলে তাঁদের শৃঙ্খলা মেনে চলা এবং কলেজ ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে ছাত্র সংগঠনটি।
গত ২৩ অক্টোবর পাসিঘাটে প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পটির বিরুদ্ধে বিক্ষোভ হিংসাত্মক আকার নেয়। প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সংগঠন ও বাসিন্দারা প্রাথমিক সমীক্ষার কাজ বন্ধের দাবি তুলেছিলেন।
বিক্ষোভ চলাকালীন পাথর ছোড়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এনএইচপিসির দফতর এবং পুলিশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি পুলিশের গাড়ি এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরও। সংঘর্ষে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন।
ঘটনার পরে পুলিশ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ সুপার পঙ্কজ লাম্বা জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে জওহরলাল নেহরু কলেজের অন্তত ১৮ জন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং বাকি ৮ জন জামিন পেয়েছেন।