সিয়াং নদীর প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে অরুণাচল প্রদেশ কংগ্রেস। দলের দাবি, এই জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে সিয়াং উপত্যকার আদিবাসী মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
কংগ্রেসের দাবি, প্রকল্পের জেরে ২৭টিরও বেশি গ্রাম এবং আদি সম্প্রদায়ের দেড় লক্ষেরও বেশি মানুষ উচ্ছেদ, পৈতৃক জমি ডুবে যাওয়া, সাংস্কৃতিক পরিচয় হারানো ও পরিবেশগত ক্ষতির আশঙ্কায় রয়েছেন। সম্মতি, পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং জীবিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন না মিটলেও কেন প্রাক্-সম্ভাব্যতা প্রতিবেদন তৈরির প্রক্রিয়া এগোনো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।
চীনের ইয়ারলুং সাংপো নদীর উজানে পরিকাঠামো নির্মাণের প্রেক্ষিতে অরুণাচলের কৌশলগত গুরুত্ব স্বীকার করেও কংগ্রেসের বক্তব্য, জাতীয় নিরাপত্তার যুক্তিতে জনপরামর্শ ও আদিবাসীদের অধিকার এড়িয়ে যাওয়া যায় না। অরুণাচল নিয়ে চীনের বার বার দাবি, বিভিন্ন স্থানের নাম বদল এবং তাকসিং-মাজা ও লংজু এলাকার সীমান্ত-সংক্রান্ত উদ্বেগ নিয়েও রিজিজুর জবাব চেয়েছে তারা।
অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ের লাদা-চায়াংতাজো অংশে জমির ক্ষতিপূরণে অনিয়মের অভিযোগে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। প্রকৃত জমির মালিকেরা যথাযথ যাচাইয়ের পরে টাকা পেয়েছেন কি না এবং প্রভাবশালী ব্যক্তি বা মধ্যস্থতাকারীরা লাভবান হয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি তাদের।
“বিরোধীদের পরামর্শ দেওয়া অপেক্ষা করতে পারে। সিয়াংয়ের মানুষের জবাব অপেক্ষা করতে পারে না,” বলেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কন জিরজো জোথাম।
গত ৪ নভেম্বর বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে নিশানা করে রিজিজু সামাজিক মাধ্যমে লিখেছিলেন, কংগ্রেস যদি আরও বেশি সাংসদ জিতিয়ে আনতে চায়, তবে রাহুলকে দেশে বেশি সময় কাটাতে হবে এবং ‘ভারতবিরোধী লোকজনের’ সঙ্গে দেখা করা বন্ধ করতে হবে।
অরুণাচল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাওয়েরও সমালোচনা করেছে কংগ্রেস। প্রস্তাবিত বাঁধের পক্ষে তাঁর ‘বাঁধ হবেই’ মন্তব্যের বিরোধিতা করে দলের বক্তব্য, আদি সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধির উচিত ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ শোনা ও তাঁদের অধিকার রক্ষা করা। এনএইচপিসি কি আদি মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্ন তুলেছে কংগ্রেস।
লোহিত জেলার তেজুতে এক বৈঠকে গাও এক দিন আগে ১১,২০০ মেগাওয়াটের প্রকল্পটির পক্ষে জোরালো সওয়াল করেন। চীনের উজানে বিপুল জলবিদ্যুৎ প্রকল্পের কথা তুলে তিনি বলেন, সিয়াং বা ব্রহ্মপুত্রে ভারতের অন্তত একটি বড় বাঁধ প্রয়োজন এবং যে কোনও ভাবেই তা হবে। তাঁর দাবি, অরুণাচলের উন্নয়ন ও ভারতের কৌশলগত স্বার্থে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলে এটিকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছিল বলেও তিনি জানান।
বাঁধবিরোধী বিক্ষোভকারীদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেছেন গাও। ২৩ অক্টোবর পাসিঘাটে হিংসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা বাকি। প্রকল্পবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তাকর্মী মোতায়েন, পুলিশের পদক্ষেপ এবং তাঁদের আটক করা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে কংগ্রেস।