গুয়াহাটি, ১১ নভেম্বর: ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আট জন আহত হয়েছেন। হাসপাতালের নথিতে তাঁদের ‘রেল দুর্ঘটনায় আহত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। চিকিৎসার পর সকলকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালের নথি অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন মহিলা। তাঁদের বয়স ৭ থেকে ৪০ বছরের মধ্যে।
আহতেরা হলেন হোজাইয়ের রামপুর বস্তির ২৯ বছরের নীতিশ কুমার রায় ও ৩৩ বছরের অক্ষয় চক্রবর্তী, মিজোরামের আইজল জেলার ইস্ট ফারলাংয়ের ৩৫ বছরের রামবোয়াট চাইটা মিজু, ধুবুরির বিলাসীপাড়ার বানিয়ামারী পার্ট-১ এলাকার ৪০ বছরের কালিমুদ্দিন এবং ৩৫ বছরের মমতাজ বেগম।
এ ছাড়া আহত হয়েছেন কোকরাঝাড়ের আলোপাড়ার ২৮ বছরের জিমি বর্মন এবং কোকরাঝাড়ের বগরীবাড়ির ৩০ বছরের নুজাহান বিবি ও ৭ বছরের কাহিনুর আলি।
বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ডিগারু রেলস্টেশনে ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিতে স্টেশনে ট্রেনটি থামানোর সময় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।
প্রথমে রেল কর্তৃপক্ষ সব যাত্রী নিরাপদ এবং কেউ আহত হননি বলে জানিয়েছিল। পরে হাসপাতালের নথিতে আট জনের আহত হওয়ার তথ্য সামনে আসে। দুর্ঘটনার পর উদ্ধার ও সাহায্য অভিযান শুরু হয় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়।