গুয়াহাটি, ১১ নভেম্বর: অসমের ডিগারু রেল স্টেশনে কলকাতা–সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর মিজোরামগামী এক অস্ট্রেলীয় পর্যটকের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। বুধবার সকালের দুর্ঘটনার পর থেকে ওই পর্যটকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত পর্যটকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঠাকুরকুচি রেল স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, এক সার্কেল আধিকারিকের মাধ্যমে মিজোরামগামী অস্ট্রেলীয় নাগরিকের নিখোঁজ হওয়ার খবর পান তাঁরা। ওই পর্যটক দুর্ঘটনাগ্রস্ত কলকাতা–সাইরাং এক্সপ্রেসের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

খবর পাওয়ার পর ডিগারু স্টেশনের রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁর খোঁজ শুরু করা হয়। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

দুর্ঘটনার পর ওই পর্যটক অন্য কোনও ট্রেনে উঠে যাত্রা চালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও এই সম্ভাবনার কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পর্যটকের খোঁজ না মেলায় তাঁর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ১৩১২৫ নম্বরের কলকাতা–সাইরাং এক্সপ্রেস ডিগারু রেল স্টেশনে অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দেওয়ার সময় লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তথ্য অনুযায়ী, চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটি মিজোরামের সাইরাং থেকে কলকাতার দিকে যাচ্ছিল।

ঘটনার পর রেল কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করে। আটকে পড়া যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।

এদিকে, নিখোঁজ অস্ট্রেলীয় পর্যটকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।