লখনউ, ১১ নভেম্বর: ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের সরকারি নিয়োগ ব্যবস্থায় ‘মুন্না ভাইরা’ সক্রিয় ছিলেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, সে সময় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকা এবং প্রভাবশালীদের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হত।
বুধবার লখনউয়ে ১,১৪৬ জন নবনিযুক্ত কনিষ্ঠ সহায়ককে নিয়োগপত্র দেওয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
“২০১৭ সালের আগে সরকারি ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়ায় মুন্না ভাইরা সক্রিয় ছিলেন। এক জন পরীক্ষা দিতেন, আর এক জন নিয়োগ পেতেন।”
যোগীর অভিযোগ, ২০১৭ সালের আগে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া কয়েকটি চক্রের নিয়ন্ত্রণে ছিল। আর্থিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়েও নিয়োগ পাওয়া যেত বলে তাঁর দাবি।
২০১৭ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পরে নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক করা হয়েছে বলে দাবি করেন যোগী। কোনও ঘুষ বা দুর্নীতি ছাড়াই যুবক-যুবতীরা নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছেন বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রীর দাবি, গত ১৫ অগস্ট পর্যন্ত উত্তরপ্রদেশে ৯.৫ লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরি ও পরিষেবার জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে।