রাঁচি, ১১ নভেম্বর: জনজাতি অধিকারকর্মী নিশা ভগতের রহস্যজনক মৃত্যুর তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার নির্দেশ দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, নিশা ভগতের মৃত্যুর ঘটনার তদন্ত এ বার সিবিআই করবে। এ জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

৩৯ বছরের নিশা ভগতের মৃত্যু হয় গত ৬ নভেম্বর। মৃত্যুর কিছু ক্ষণ আগে ফেসবুক লাইভে তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং জমি দালালদের বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ তুলেছিলেন।

নিশার মৃত্যুর পরে তাঁর পরিবার ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলে এবং নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানায়। তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে ৭ নভেম্বর দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

অভিযোগ ওঠার পরেই পিথোরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সতীশ কুমার পাণ্ডেকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। রাঁচি গ্রামীণ জেলার পুলিশ সুপার গৌরব গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, জাতীয় তফসিলি জনজাতি কমিশনও ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে। ঝাড়খণ্ডের মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক এবং রাঁচির জ্যেষ্ঠ পুলিশ সুপারকে নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে অভিযোগগুলি নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট চেয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট আধিকারিকদের নয়াদিল্লিতে কমিশনের সামনে ব্যক্তিগত ভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।