ধেমাজি, ১১ নভেম্বর: ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ধেমাজিতে একাধিক কর্মসূচির ঘোষণা করলেন লখিমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদান বরুয়া। বুধবার ধেমাজিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কর্মসূচির কথা জানান।

সাংসদ বলেন, জনজাতীয় সমাজের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে চলেছে। জনজাতীয় এলাকার উন্নয়নে ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’-এর কথাও তিনি উল্লেখ করেন।

তাঁর দাবি, ওই প্রকল্পে পাঁচ বছরে ১ লক্ষ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২৫টি বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ১৭টি দফতর এই প্রকল্প রূপায়ণ করছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ নভেম্বর জনজাতীয় বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি থাকা চত্বর পরিষ্কার করা হবে। ১৫ নভেম্বর বীরসা মুন্ডাকে শ্রদ্ধাজ্ঞাপন, ১৬ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ নভেম্বর কৃতী জনজাতীয় ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।

বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বরকে ২০২১ সাল থেকে দেশ জুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বীরসা মুন্ডার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং জনজাতীয় সমাজের অবদানকে সম্মান জানাতেই এই দিবস পালন করা হয়। জনজাতীয় সমাজের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজে তাদের অবদানকে সম্মান জানানো এবং তাদের উন্নয়নের বিষয়গুলি সামনে আনাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানানো হয়েছে।