অসম, ১১ নভেম্বর: দীপাবলির রাতে অসমীয়া এক মহিলাকে অশ্লীল ইঙ্গিত করা এবং তাঁর শরীরে হাত দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিহারের বাসিন্দা কৃষ্ণ শর্মার বিরুদ্ধে। মণিকা দাস নামে ওই মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
ঘটনার পরে জাতীয় সংগ্রামী সেনার চিতু বরুয়া এবং সংগঠনের সদস্যরা কৃষ্ণকে আটক করে রাস্তায় নিয়ে যান বলে জানা গিয়েছে। সেখানে তাঁকে হাঁটু গেড়ে ওই মহিলা ও উপস্থিত জনতার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
কৃষ্ণকে দিয়ে শপথবাক্য পাঠ করানো হয় বলে জানা গিয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে কোনও অসমীয়া মহিলার সঙ্গে খারাপ ব্যবহার বা অশালীন ইঙ্গিত করবেন না। ভবিষ্যতে এমন কাজ করলে সংগঠন যে ব্যবস্থা নেবে, তা মেনে নেবেন বলেও তিনি জানান।
আজ থেকে কোনও অসমীয়া মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করব না, খারাপ ইঙ্গিত দেব না। ভবিষ্যতে এমন কাজ করলে যে ব্যবস্থা নেওয়া হবে, তা মেনে নেব।
জাতীয় সংগ্রামী সেনার তরফে বলা হয়েছে, ফের এমন ঘটনা ঘটলে তাঁকে অসমে থাকতে দেওয়া হবে না। অভিযোগকারিণীও তাঁর সঙ্গে এ ভাবে কথা বলার সাহস কোথা থেকে পেলেন বলে ক্ষোভ প্রকাশ করেন।
তবে কৃষ্ণের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পুলিশের কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। এ ব্যাপারে কোনও মামলা দায়ের হয়েছে কি না, তা-ও এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।