নয়াদিল্লি, ১০ নভেম্বর: ঢাকার দরিদ্র এলাকার ভিডিয়োকে নতুন দিল্লির দৃশ্য বলে চীনা সমাজমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ভারত।

মঙ্গলবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরার এমন চেষ্টা দুর্ভাগ্যজনক। তাঁর কথায়, এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাঁদের নেপথ্যে থাকা পক্ষগুলির বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।

“কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরার এমন চেষ্টা দুর্ভাগ্যজনক,” বলেন রণধীর জয়সওয়াল।

ঢাকার এলাকাগুলিকে দিল্লির বলে দেখানোর জন্য বিদেশি নাগরিকদের ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, কয়েক মাস ধরে একদল চীনা নাগরিক ঢাকার দরিদ্র এলাকায় ভিডিয়ো এবং লাইভ স্ট্রিমিং করে সেগুলিকে নতুন দিল্লির এলাকা হিসেবে পরিচয় দিচ্ছেন। সেই সব ভিডিয়োয় ভারতের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস ও দারিদ্র্য নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ।

ঢাকার উত্তরা এলাকার ১২ নম্বর সেক্টর এবং সংলগ্ন টেকপাড়া এলাকায় এই কার্যকলাপ দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ১৫০-র বেশি চীনা নাগরিক সেখানে ভিডিয়ো তৈরি করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ দু’টি মোবাইল ফোন নিয়ে রাস্তা ও গলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইভ সম্প্রচার করেছেন, এমনকি কখনও বাড়ির ভিতরেও ঢুকে ভিডিয়ো তুলেছেন বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা রোজিনা খাতুনের অভিযোগ, অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে ভিডিয়ো তোলায় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে। এই ভিডিয়োগুলির নেপথ্যে কোনও সংগঠিত অপপ্রচার অভিযান রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।