গুয়াহাটি, ১১ নভেম্বর: অসমের ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ৭১তম বরদলৈ ট্রফির ক্লাস্টার পর্ব বুধবার থেকে রাজ্যের ছ’টি স্থানে শুরু হচ্ছে।

শিবসাগর, তেজপুর, গোলাঘাট, বরপেটা, শিলচর এবং সোনকুছিতে এই পর্বের ম্যাচগুলি হবে।

প্রতিটি ক্লাস্টার থেকে দু’টি করে দল চূড়ান্ত পর্বের যোগ্যতা অর্জন করবে। ছ’টি ক্লাস্টার থেকে মোট ১২টি দল গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

২০ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ক্লাস্টার পর্বের ম্যাচের মাধ্যমেই চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলি বেছে নেওয়া হবে।

অসমের ফুটবল ইতিহাসের সঙ্গে গভীর ভাবে জড়িত বরদলৈ ট্রফি রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল দলগুলির প্রতিভা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। এ বার ছ’টি স্থানে ক্লাস্টার পর্বের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।