গুয়াহাটি, ১১ নভেম্বর: সাইবার প্রতারণার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জালুকবাড়ি থেকে নবীন হুসেইন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির সাইবার সেল।
অভিযোগ, এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে গ্রাহকদের অজান্তে ও তাঁদের অনুমতি ছাড়াই তাঁদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেন তিনি।
তদন্তকারীদের দাবি, জালুকবাড়িতে এইচডিএফসি ব্যাঙ্কের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র পরিচালনা করতেন নবীন। ওই কেন্দ্রের মাধ্যমে একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন অভিযুক্ত। পরে তাঁদের সম্মতি ছাড়াই অ্যাকাউন্ট খুলে সেগুলি সাইবার প্রতারণা এবং অন্য বেআইনি কাজের টাকা লেনদেনে ব্যবহার করা হত বলে তদন্তকারীদের সন্দেহ।
তদন্তকারীরা জানিয়েছেন, নবীনের সঙ্গে যুক্ত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা জমা পড়েছিল। সাম্প্রতিক একটি ঘটনায় এমনই একটি অ্যাকাউন্টে প্রায় ৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে।
তদন্তের অঙ্গ হিসেবে নবীনের সঙ্গে যুক্ত কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে সিআইডি। আর্থিক প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এই ঘটনার পিছনে বড় কোনও প্রতারক চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছে সাইবার সেল। চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করা এবং টাকা লেনদেনের সম্পূর্ণ তথ্য উদ্ধারের জন্য তদন্ত চলছে।