শিবসাগর, ১১ নভেম্বর: ১৯৯৪ সালের ১১ নভেম্বরের সেই মর্মান্তিক বাস দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ডিমৌয়ের রাজবাড়ি এলাকার মানুষকে। শিবসাগর থেকে ডিব্রুগড়গামী যাত্রীবাহী ‘অমরজ্যোতি’ বাসটি রাস্তার ধারের গভীর পুকুরে পড়ে যাওয়ায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

৩৭ নম্বর জাতীয় সড়কের ডিমৌ রাজবাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছিল সকাল প্রায় সাড়ে ৭টায়। বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের অধিকাংশই সরকারি কর্মী ছিলেন।

অজ্ঞাত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের প্রায় ৩০ ফুট গভীর পুকুরে পড়ে যায়। জলের তলায় আটকে পড়ে বহু যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে গোটা এলাকায় হাহাকার পড়ে যায়।

দুর্ঘটনার প্রায় দু’ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছিলেন ওএনজিসির কর্মী চিকন দাস। উদ্ধারকাজে নেমে তিনি জলে ঝাঁপ দিয়ে বাসটিতে ক্রেনের হুক লাগিয়েছিলেন। এখন ৮২ বছর পেরোনো চিকন সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন।

জানা গিয়েছে, চালক-সহ মাত্র চার জন ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচেছিলেন। নিহতদের দেহ রাস্তার ধারে সারি দিয়ে রাখা হয়েছিল। বহু পরিবার আপনজনকে হারিয়েছিল সেই দুর্ঘটনায়।

দুর্ঘটনার পরে ‘অমরজ্যোতি’ বাসটি ফের রাস্তায় চলাচল করেছিল বলেও জানা গিয়েছে। তবে উদ্ধারকাজে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া চিকন দাস আজও যথাযথ স্বীকৃতি পাননি বলে অভিযোগ তাঁর পরিবারের। চিকনের স্ত্রী অঞ্জু দাস তৎকালীন শিবসাগর জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।