হাটশিঙিমারী: দক্ষিণ শালমারা-মানকাচর জেলা প্রশাসনের উদ্যোগে হাটশিঙিমারীতে জেলাশাসকের দফতরে সাংবাদিক সম্মেলন করে ২০২৭ সালের ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলাশাসক পরীক্ষিত থাউদাম খসড়া তালিকাটি প্রকাশ করে জেলার ভোটারদের সর্বশেষ তথ্য জানান।

প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এই জেলার একমাত্র বিধানসভা কেন্দ্র মানকাচরে মোট ভোটার ৩,১৩,৮৫৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,৯৩৯ জন, মহিলা ভোটার ১,৫৪,৯১৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় ২০২৭ সালের খসড়া তালিকায় জেলায় নতুন ভোটার বেড়েছে ৩,৬২৪ জন।

জেলাশাসক জানান, খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা কোনও দাবি-আপত্তি থাকলে নির্ধারিত ফর্মে আবেদন করা যাবে। আজ থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে।

সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তির পরে আগামী ৪ জানুয়ারি, ২০২৭ জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান পরীক্ষিত থাউদাম।