ইটানগর, ১২ নভেম্বর: অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলার পার্চি পার্লো শহরে বৃহস্পতিবার ভোররাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিন শিশু-সহ এক মহিলার মৃত্যু হয়েছে। আগুনে অন্তত ২৪টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বহু পরিবার ঘরছাড়া হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত প্রায় ২টো নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি।

দুর্গম পার্চি পার্লোতে নিজস্ব দমকল কেন্দ্র নেই। কোলোরিয়াং থেকে দমকলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলেও গাড়িটির খারাপ অবস্থার কারণে সেটি সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানা গিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সমস্যা হয়।

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। সমাজমাধ্যমে তিনি বলেন, প্রাণহানি এবং পরিবারের সদস্যেরা নিখোঁজ থাকার খবর দুর্ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার প্রার্থনা করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সব রকম সাহায্য ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পেমা খাণ্ডু।

উদ্ধার ও ত্রাণকাজে স্থানীয় প্রশাসন, পুলিশ, দমকল, জরুরি পরিষেবার কর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দাদের ভূমিকার প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী।

আন্যার সভাপতি জামরু রুজাও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণসামগ্রী ও অনুদান সংগ্রহের কর্মসূচি নেওয়ার পাশাপাশি পার্চি পার্লোতে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি।