ঢাকা, ১১ নভেম্বর: সুহেল আহমদ ভাটের পেনাল্টি এবং শেষ দিকে প্রিয়াংশ দুবের একাধিক গুরুত্বপূর্ণ সেভে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ভারত। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ বি-র শেষ ম্যাচটি হয়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্ব শেষ করল ৬ পয়েন্ট নিয়ে। পাকিস্তানের সংগ্রহ ৩ পয়েন্ট। কোনও পয়েন্ট না পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মালদ্বীপ।
৩৮ মিনিটে ভারতের জয়সূচক গোলটি করেন ভাট। আব্দুল রবিহ মালদ্বীপের হুসেন সিফাউ ইউসুফের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর বক্সের মধ্যে ডিফেন্ডারের চ্যালেঞ্জে পড়ে যান। পেনাল্টি থেকে মালদ্বীপের গোলকিপার হুসেন শরিফকে ভুল দিকে পাঠিয়ে বাঁ দিকের নিচের কোণে বল জড়ান ভাট। টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা হল ৩। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন।
৭৯ মিনিটে আলি হামধানের ফ্রি-কিক এবং পাঁচ মিনিট পরে মুজধান হাসানের শট বাঁচান দুবে। সংযোজিত সময়ে ইথান ইব্রাহিম জাকির কাছ থেকে নেওয়া কাছ থেকে নেওয়া শট মুখ দিয়ে আটকে দেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ গোলে জেতা দলের তুলনায় প্রথম একাদশে সাতটি বদল করেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। অভিষেক সূর্যবংশী, মহম্মদ উভাইস, সুহেল আহমদ ভাট এবং রিকি শাবং নিজেদের জায়গা ধরে রাখেন।
১৪ নভেম্বর সেমিফাইনালে বাংলাদেশ, ভুটান অথবা শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। বুধবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গ্রুপ এ-র শেষ ম্যাচের পর ভারতের প্রতিপক্ষ নিশ্চিত হবে।