গুয়াহাটি, ১১ নভেম্বর: অসমে যোগ্যতা ছাড়াই চিকিৎসা পরিষেবা দেওয়া ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর। গত চার দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ জন সন্দেহভাজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের অধীনস্থ অ্যান্টি-কোয়াকারি অ্যান্ড ভিজিল্যান্স সেল ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অসম পুলিশের সহযোগিতায় ওই সেল যোগ্যতাহীন চিকিৎসক, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে চিকিৎসা করা ব্যক্তি এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ যোগ্যতা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিষেবা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

২০২৫ সালের জানুয়ারিতে বিশেষ সেলটি গঠন করা হয়। সেলের এক আধিকারিক জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্যে ১১৫টি মামলা দায়ের হয়েছে। এই সময়ে ৮৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও ১৫ জন অভিযুক্ত পলাতক।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ফার্মেসি, বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালে যোগ্যতাহীন লোকজন চিকিৎসক হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে ভুয়ো চিকিৎসা শংসাপত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। আবার কেউ অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বলেও অভিযোগ।

বিশেষ করে গ্রামীণ ও চা-বাগান এলাকার মানুষ এ ধরনের ভুয়ো চিকিৎসকদের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বেশি। প্রয়োজনীয় চিকিৎসাগত যোগ্যতা নেই, এমন কারও কাছ থেকে চিকিৎসা নিলে রোগীর স্বাস্থ্য ও জীবনের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।

ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির নথিপত্র এবং চিকিৎসকদের যোগ্যতাও খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে।

অসমে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যোগ্যতাহীন চিকিৎসা পরিষেবা বন্ধ করা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ২০২৩ সাল থেকে গুয়াহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে।