দেরাদুন, ১২ নভেম্বর: অসমের বাসিন্দা জেনীর তোলা পুরনো যৌন নির্যাতনের অভিযোগকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা হরক সিং রাওয়ত। তাঁর দাবি, অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবি থেকে জনতার নজর ঘোরাতেই এই চেষ্টা করা হচ্ছে।

বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে রাওয়ত বলেন, অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা এক ‘ভিআইপি’-র বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কংগ্রেসের লড়াই চলবে। সেই সময়েই তাঁর বিরুদ্ধে পুরনো অভিযোগ ফের তুলে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করছে বলেও দাবি তাঁর।

প্রায় ২৩ বছর আগের একটি ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জেনীর অভিযোগ, ২০০২ সালে তাঁর বয়স ১৬ বছর থাকাকালীন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক জন তাঁকে দেরাদুনে রাওয়তের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে দাবি জেনীর। পরে তিনি একটি সন্তানের জন্ম দেন এবং ওই শিশুর বাবা রাওয়ত বলে দাবি করেন।

সম্প্রতি জেনী ফের তদন্ত এবং নতুন করে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। আগের তদন্তে তিনি ন্যায়বিচার পাননি বলেও তাঁর অভিযোগ।

অন্য দিকে, রাওয়ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ২০০৩ সালে বিজেপি ক্ষমতায় থাকাকালীন সিবিআই ঘটনার তদন্ত করেছিল। ওই তদন্তে জেনী একাধিক বার ভুল তথ্য দিয়েছিলেন বলে উল্লেখ ছিল এবং ডিএনএ পরীক্ষাও হয়েছিল বলে দাবি তাঁর।

আগের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলার অর্থ সেই সময়ের বিজেপি সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলের তদন্তপ্রক্রিয়াকেও প্রশ্ন করা।

আগামী বছর উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি ফের সামনে এনে বিজেপি কংগ্রেসকে রাজনৈতিক ভাবে চাপে ফেলতে চাইছে বলেও অভিযোগ রাওয়তের।

এ দিকে, অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ড নিয়েও বিতর্ক অব্যাহত। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ঋষিকেশের একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত অঙ্কিতার দেহ উদ্ধার হয়েছিল। রিসর্টের মালিক পুলকিত আর্য এবং তাঁর দুই সহযোগীকে এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, এক অজ্ঞাত ‘ভিআইপি’-র সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ থাকার অভিযোগে অঙ্কিতার পরিবার পৃথক তদন্তের দাবি জানিয়ে আসছে।