নয়াদিল্লি, ১২ নভেম্বর: হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা ভারত সামিটে যোগ দিতে যাওয়ার আগে তাঁর ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুললেন নরওয়ের সাংবাদিক হেলে ল্যং। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই ভিসা বাতিল করা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় হেলে জানান, ভারত সফরের সব প্রস্তুতি সেরে বিমানবন্দরে রওনা হওয়ার প্রায় ১০ মিনিট আগে নরওয়েতে ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করা হয়। ফোনে তাঁকে ভারত সফরে না যেতে বলা হয় বলে তাঁর দাবি।

১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে ভারত সামিট হওয়ার কথা। ওই সম্মেলনের ‘দ্য ফিউচার অব মিডিয়া’ শীর্ষক আলোচনাচক্রে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেলে। তাঁর দাবি, তাঁর কাছে বৈধ ভিসা এবং সম্মেলনে যোগ দেওয়ার প্রয়োজনীয় রাজনৈতিক অনুমোদনও ছিল।

২০২৬ সালের মে মাসে নরওয়ের রাজধানী অসলোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের যৌথ সাংবাদিক বৈঠকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন হেলে। বিশ্বের অন্যতম মুক্ত সংবাদমাধ্যমের দেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে প্রধানমন্ত্রী মোদী কেন আগ্রহী নন, সেই প্রশ্ন করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীকে করা আগের প্রশ্ন এবং ভারত সরকারের সমালোচনার কারণেই তাঁকে ভারতে আসতে দেওয়া হচ্ছে না কি না, সেই সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন হেলে।

তবে এই সন্দেহের সপক্ষে তিনি কোনও আনুষ্ঠানিক প্রমাণ দেননি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শিল্পপতি মুকেশ আম্বানী ও গৌতম আদানীর সম্পর্ক নিয়ে তাঁর সমালোচনা এবং ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মতপ্রকাশের কারণেও ভিসা বাতিল হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

হেলের বক্তব্য, দূতাবাসের আধিকারিকেরা তাঁকে ভিসা বাতিল সংক্রান্ত প্রক্রিয়ার জন্য দূতাবাসে যেতে বলেছিলেন। কিন্তু তিনি লিখিত ব্যাখ্যা চেয়েছেন। এখনও তাঁকে কোনও লিখিত কারণ জানানো হয়নি বলেও দাবি তাঁর। ভারত সফরের অনুমতি ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

আয়োজক পক্ষের সঙ্গে যুক্ত সূত্রের দাবি, ভিসা পেতে দেরি হওয়া বা ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণে প্রায় ১২০ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে পারছেন না। যদিও এ বিষয়ে সরকারি কোনও নিশ্চিতকরণ মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকও এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।