নতুন দিল্লি, ১১ নভেম্বর: ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কয়েক মাসের মধ্যেই স্কচ হুইস্কির শুল্ক নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এর জেরে ভারতীয় বন্দরে ব্রিটেন থেকে আমদানি হওয়া ৮০টিরও বেশি কন্টেনার আটকে রয়েছে।

বিতর্কের মূল বিষয়, বড় পাত্রে আনা স্কচ হুইস্কির ক্ষেত্রে চুক্তির শুল্কছাড় প্রযোজ্য হবে কি না। চুক্তির অধীনে স্কচ হুইস্কির আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল।

রাজস্ব গোয়েন্দা দফতরের বক্তব্য, বড় পাত্রে আমদানি হওয়া স্কচকে সাধারণ হুইস্কি নয়, ‘কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশন’ হিসেবে গণ্য করা উচিত। সেই কারণে ওই পণ্যে ১৫০ শতাংশ শুল্ক বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য দিকে, বাণিজ্য মন্ত্রক শিল্পের প্রতিনিধিদের জানিয়েছিল, বড় পাত্রে আনা স্কচের ক্ষেত্রেও চুক্তি অনুযায়ী শুল্কছাড় বহাল থাকবে। ২ নভেম্বর বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে বৈঠকের পরে এই আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

ফলে বাণিজ্য মন্ত্রক এবং অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব গোয়েন্দা দফতরের অবস্থানের ফারাক স্পষ্ট হয়েছে। সরকারি সূত্রের খবর, বিষয়টি মেটাতে দুই মন্ত্রক আলোচনা চালাচ্ছে।

আটকে থাকা কন্টেনারগুলির মধ্যে পেরনো রিকার ও ডিয়াজিওর ৪০টিরও বেশি এবং বাকার্ডির পাঁচটি কন্টেনার রয়েছে। ১৫০ শতাংশ শুল্ক দিয়ে পণ্য ছাড়াতে সংস্থাগুলি রাজি না হওয়াতেই অচলাবস্থা তৈরি হয়েছে।

ব্রিটেন থেকে ভারতে আসা স্কচ হুইস্কির প্রায় ৮০ শতাংশই বড় পাত্রে আসে। ভারতে তা মিশ্রণ, প্রক্রিয়াকরণ এবং বোতলজাত করার কাজে ব্যবহার হয়। ব্রিটিশ সংসদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বোতলজাত ও বড় পাত্রে রফতানি হওয়া—দুই ধরনের স্কচ হুইস্কির ক্ষেত্রেই চুক্তির শুল্কছাড় প্রযোজ্য।

২০২৪ সালে ভারতে ব্রিটেনের স্কচ হুইস্কি রফতানির মূল্য ছিল প্রায় ৩৩৫ মিলিয়ন ডলার। এই শুল্ক-বিতর্কের প্রভাব বিদেশি সংস্থার পাশাপাশি ভারতীয় মদ প্রস্তুতকারক শিল্পেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।