নতুন দিল্লি, ১২ নভেম্বর: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় যুবকদের উগ্রপন্থার পথে ঠেলে দিয়ে দেশে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এ নিয়ে নতুন মামলা দায়ের করেছে সংস্থাটি।
পাকিস্তানে থাকা গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ দমন শাখার দায়ের করা একটি মামলার সূত্র ধরেই এনআইএ-র তদন্ত শুরু হয়েছে। সেই এফআইআরে আট জনের নাম ছিল।
তদন্তকারী সংস্থার অভিযোগ, শাহজাদ ভাট্টি, আবিদ জাট এবং পাকিস্তানের কয়েক জন উগ্রপন্থী ইউটিউবার আইএসআইয়ের নির্দেশে ভারতীয় যুবকদের নিশানা করেছিল। টাকার প্রলোভন ও নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের দেশের অভ্যন্তরীণ শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কাজে জড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ দমন শাখার মামলায় অভিযুক্তদের মধ্যে মহম্মদ হামাদ বারকতি, আবিদ জাট, মেজর হামিদ, মেজর ইকবাল এবং মেজর আনোয়ারের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁদের মধ্যে কয়েক জন পাকিস্তানে থাকা আইএসআই-যোগ থাকা ব্যক্তি।
এ ছাড়া উত্তরপ্রদেশের তুষার চৌহান ওরফে হিজবুল্লাহ আলি খান এবং দিল্লির সমীরকেও অভিযুক্ত করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ দমন শাখা তাঁদের গ্রেফতার করেছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা পাকিস্তানের স্লিপার সেল সম্পর্কে তদন্তে ওই দু’জনের সঙ্গে পাকিস্তানের অপারেটিভদের সরাসরি যোগাযোগের তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের।
উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক অমিতাভ যশ আগে জানিয়েছিলেন, শাহজাদ ভাট্টি, আবিদ জাট ও পাকিস্তানের কিছু উগ্রপন্থী ইউটিউবার অর্থের প্রলোভন দেখিয়ে ভারতীয় যুবকদের উগ্রপন্থী কাজে জড়ানোর চেষ্টা করেছিল বলে তদন্তে উঠে এসেছিল।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে পাকিস্তানে থাকা ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে। ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে ওই নেটওয়ার্কের যোগ থাকার অভিযোগের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এনআইএ এ বার খতিয়ে দেখবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী ভাবে যুবকদের নিশানা করা হয়েছিল, পাকিস্তানে থাকা অপারেটিভদের সঙ্গে তাঁদের যোগাযোগ কী ভাবে গড়ে উঠেছিল এবং এই নেটওয়ার্কের মাধ্যমে দেশে সম্ভাব্য হামলার পরিকল্পনা করা হয়েছিল কি না।