শ্রীভূমি, ১৩ নভেম্বর: দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের গোলাঘাটে দুই নাবালক ভাইকে খুনের অভিযোগ উঠল ফারুক আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁদের বাবা-মা ও আরও এক ভাই।
মাঝরাতে ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত দুই ভাইয়ের নাম জাহাঙ্গির হুসেইন (৮) এবং আলম উদ্দিন (৭)।
আহতদের নাম খলিল উদ্দিন, আলিয়া বেগম এবং আলতাফ হুসেইন। তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর রাতেই অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করেছে নিলামবাজার থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়।