গুয়াহাটি: অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবি না তুলে নাগরিকপঞ্জি বা এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপর চাপ দেওয়ার জন্য অল অসম স্টুডেন্টস ইউনিয়নকে আহ্বান জানাল অসম প্রদেশ কংগ্রেস।
শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রবীণ মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকিয়া, প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা এবং অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী এ নিয়ে সরকারকে প্রশ্ন করেন। বিশেষ করে ২০১৯ সালের ৩১ অগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে তাঁদের প্রশ্ন।
বিনন্দ শইকিয়া জানান, এনআরসি হালনাগাদের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ২০১৩ সালে। ২০১৯ সালের ৩১ অগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে সেই প্রক্রিয়া শেষ হয়। ৩ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীর মধ্যে ৩ কোটি ১১ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। বাদ পড়েছিলেন প্রায় ১৯ লক্ষ মানুষ।
“সাত বছর পরেও এই প্রশ্নগুলির কোনও উত্তর মেলেনি,” বলেছেন বিনন্দ শইকিয়া।
তাঁর প্রশ্ন, তালিকা থেকে বাদ পড়া ১৯ লক্ষ আবেদনকারী এবং তালিকায় অন্তর্ভুক্ত ৩ কোটি ১১ লক্ষ মানুষের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে। বাদ পড়াদের কেন অনিশ্চয়তায় রাখা হয়েছে এবং তালিকাভুক্তদের নাগরিকত্বের পরিচয়পত্র দেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চান তিনি।
শইকিয়ার অভিযোগ, ভোট এলেই বিজেপি ‘অনুপ্রবেশকারী’, ‘বিদেশি’, ‘মিয়া’ ও ‘বাংলাদেশি’র মতো প্রসঙ্গ তোলে। কিন্তু বিদেশি শনাক্তকরণ ও বিতাড়নের প্রতিশ্রুতি পালনে কোনও পদক্ষেপ করে না। তাঁর দাবি, ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে জেপি নড্ডা ও অমিত শাহ-সহ বিজেপি নেতারা বিদেশি শনাক্ত ও বিতাড়নের এবং সারা দেশে এনআরসি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।