চূড়ান্ত শুল্ক কাঠামোয় প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে দুই দেশ।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমেরিকা তাদের চূড়ান্ত শুল্ক কাঠামো নির্ধারণের সময়ে ভারতকে তুলনামূলক ভাবে বেশি সুবিধা দেবে বলে আশ্বস্ত করেছে।

“ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে এবং আমেরিকা আমাদের আশ্বস্ত করেছে যে, প্রতিযোগী দেশগুলির তুলনায় আমরা বাড়তি সুবিধা পাব।”

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, নিজেদের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে দুই দেশ পরস্পরকে অগ্রাধিকারের ভিত্তিতে বাজারে প্রবেশের সুবিধা দেবে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল-সহ ভারতীয় আধিকারিকেরাও আগে জানিয়েছিলেন, প্রতিযোগী দেশগুলির তুলনায় বাড়তি সুবিধার নিশ্চয়তা মিললেই ভারত চুক্তির পথে এগোবে।

যৌথ বিবৃতির পরে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার উপর অতিরিক্ত ১০ শতাংশ ‘ফোর্সড লেবার’ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। ভারত-সহ কয়েকটি দেশের অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়েও অনুসন্ধান চালাচ্ছে আমেরিকা। ভবিষ্যতে সম্ভাব্য এই শুল্কের কথাও মাথায় রেখেই ভারতকে বাড়তি সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

তাঁর বক্তব্য, চুক্তিতে এমন একটি শর্তে সহমত হয়েছে দুই পক্ষ, যার ফলে কোনও একটি দেশ অন্য দেশের উপর শুল্কের হার বদলালে দ্বিতীয় দেশটিও চুক্তির আওতায় নিজেদের প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারবে। ভারতের অন্যান্য বাণিজ্যচুক্তিতে সাধারণত এমন শর্ত থাকে না বলেও তিনি জানান।

কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ অগ্রবাল জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে শুল্ক ও বাণিজ্যিক সুবিধা নিয়ে আলোচনার জন্য আমেরিকার একটি ছোট প্রতিনিধিদল ভারতে এসেছিল। সেই আলোচনায় বহু অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি হয়েছে এবং একাধিক ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ। চুক্তির ভাষাগত খুঁটিনাটি ও বাকি সামান্য জট কাটাতে দুই দেশের মুখ্য আলোচকেরা নিয়মিত ভার্চুয়াল মাধ্যমে কথা বলছেন বলেও জানান তিনি।