গুয়াহাটি, ১৩ নভেম্বর: মণিপুর পুলিশের বিরুদ্ধে জনগোষ্ঠীগত পক্ষপাতিত্বের অভিযোগ তুলল কুকি ইনপি মণিপুর। দুটি পৃথক গুলিচালনার ঘটনায় পুলিশের বিবৃতিতে ভিন্ন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তদন্ত, প্রকাশ্য ব্যাখ্যা এবং সংশোধনীমূলক পদক্ষেপের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।
১৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে কুকি ইনপি জানায়, ১২ নভেম্বরের দুটি পৃথক গুলিচালনার ঘটনা নিয়ে মণিপুর পুলিশের প্রকাশিত বিবৃতির ভাষা ও উপস্থাপনা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে।
সংগঠনের অভিযোগ, ধান কাটার সময়ে গুলিবিদ্ধ হয়ে ৪০ বছরের কুকি মহিলা কিমেনেইং চংলোইয়ের মৃত্যু হয়। পুলিশ ঘটনাটিকে শুধু ‘গুলিচালনার ঘটনা’ বলে উল্লেখ করেছে এবং গুলি চালানোর সঙ্গে জড়িতদের পরিচয় বা তাঁদের সম্পর্কে কোনও বর্ণনা দেয়নি বলেও দাবি কুকি ইনপির।
অন্য দিকে, একই দিনে গুলিতে আহত এক টাংখুল নাগা সাধারণ নাগরিকের ঘটনায় পুলিশের অন্য একটি বিবৃতিতে হামলাকারীদের ‘সন্দেহভাজন কুকি সশস্ত্র দুষ্কৃতী’ বলা হয়েছিল বলে অভিযোগ সংগঠনটির।
দুই ঘটনায় পুলিশের এই ভিন্ন ভাষা ব্যবহারের ভিত্তি কী, তা নিয়ে ব্যাখ্যা চেয়েছে কুকি ইনপি। দ্বিতীয় ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের চিহ্নিত বা গ্রেফতার করা হয়েছে কি না এবং লুংটের পাহাড় থেকে গুলি চালানো হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছে তারা।
কুকি ইনপির অভিযোগ, ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুর পুলিশ বাছাই করা তথ্য এবং জনগোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে তথ্য প্রকাশ করে আসছে। পুলিশের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের এক ক্ষেত্রে অভিযুক্তদের জনগোষ্ঠীগত পরিচয় নির্দিষ্ট করে বলা, অথচ কুকি নাগরিক হত্যার ঘটনাকে অজ্ঞাত গুলিচালনা হিসেবে তুলে ধরা পক্ষপাতদুষ্ট আচরণ।
দুটি বিবৃতি তৈরি, অনুমোদন ও প্রচারের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের চিহ্নিত করতে অবিলম্বে অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত আইনের চোখে সমতার নীতির কথাও স্মরণ করিয়েছে তারা।
৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা ও সংশোধনীমূলক পদক্ষেপ না হলে আইনি ও সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কুকি ইনপি। কুকি-অধ্যুষিত এলাকায় পুলিশের সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সম্ভাবনার কথাও জানিয়েছে সংগঠনটি। সব জনগোষ্ঠীর সাধারণ নাগরিককে ঘিরে ঘটনার ক্ষেত্রে পুলিশকে একই রকম প্রমাণভিত্তিক ও নিরপেক্ষ ভাষায় তথ্য প্রকাশের দাবি জানিয়েছে তারা।