নতুন দিল্লি, ১৩ নভেম্বর: মণিপুরে ২০২৩ সালের জাতিগত হিংসার তদন্তে গঠিত কমিশনের মেয়াদ ফের বাড়াল কেন্দ্রীয় সরকার। সপ্তম বার সময়সীমা বাড়িয়ে কমিশনকে ২০২৭ সালের ২০ মে-র মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার জারি হওয়া সরকারি নির্দেশে বলা হয়েছে, হিংসার কারণ, ঘটনার ক্রম এবং প্রশাসনিক ব্যবস্থার ভূমিকা খতিয়ে দেখে কমিশনকে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দিতে হবে। মেয়াদ বৃদ্ধির ফলে তদন্ত শেষ করতে কমিশন আরও প্রায় ছ’মাস সময় পেল।

২০২৩ সালের ৩ মে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পরে ওই বছরের ৪ জুন তদন্ত কমিশন গঠন করে কেন্দ্র। হিংসার কারণ ও ব্যাপ্তি, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের উপর হামলা এবং ঘটনার সঙ্গে জড়িত তথ্য ও ঘটনাক্রম খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় কমিশনকে।

হিংসা রোখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনও ব্যক্তির কর্তব্যে গাফিলতি ছিল কি না, প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট ছিল কি না, তা-ও খতিয়ে দেখার দায়িত্ব কমিশনের।

প্রথমে কমিশনের চেয়ারম্যান ছিলেন গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বা। তাঁর ইস্তফার পরে ২০২৬ সালের ১ মার্চ থেকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলবীর সিং চৌহান চেয়ারম্যানের দায়িত্ব নেন। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হিমাংশু শেখর দাস এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আলোকা প্রভাকর কমিশনের অন্য দুই সদস্য।

২০২৩ সালের মে মাসে শুরু হওয়া সংঘাতে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হন। হিংসার কারণ ও প্রশাসনিক দায় নির্ধারণে কমিশনের তদন্ত চলছে।