আগরতলা, ১৩ নভেম্বর: চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া ত্রিপুরার এক নাবালিকাকে সন্দেহজনক মানব পাচারচক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্য, সমাজকর্মী ও একটি সামাজিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় তাঁকে নিরাপদে ত্রিপুরায় ফিরিয়ে আনা হয়েছে।

জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর আগরতলা থেকে নিখোঁজ হন ওই নাবালিকা। তাঁর অভিযোগ, নিশিমা বেন নামে এক মহিলা বেঙ্গালুরুতে চলচ্চিত্রের অডিশন চলছে বলে তাঁকে সেখানে যাওয়ার প্রলোভন দেন। প্রথমে একা যেতে রাজি না হলেও পরে ওই মহিলার কথায় তিনি বেঙ্গালুরু রওনা হন।

নাবালিকার দাবি, যাত্রার খরচ জোগাড় করতে তিনি নিজের সোনার চেন বন্ধক রেখেছিলেন। যুবরাজ চৌধুরী নামে এক ব্যক্তি ওই চেনের বিনিময়ে ৩০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি বিমানের টিকিটের ব্যবস্থাও করেছিলেন বলে অভিযোগ।

বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পরে এক ব্যক্তি তাঁকে গাড়িতে করে অচেনা জায়গায় নিয়ে যান বলে অভিযোগ। পরদিন অডিশনের স্থানে নিয়ে যাওয়া হবে বলা হলেও সেখানে কোনও চলচ্চিত্রের শুটিং বা অডিশন ছিল না। বদলে তাঁকে অন্য কাজ করতে বলা হয়েছিল বলে নাবালিকা জানিয়েছেন।

তাঁর আরও অভিযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে তাঁর মোবাইল ফোন নষ্ট করে সিম কার্ড খুলে নেওয়া হয়। পরিবারের কাছ থেকে প্রথমে ৫ লক্ষ, পরে ৮ লক্ষ এবং তার পরে ২ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

মেয়ের খোঁজে পরিবারের সদস্যেরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ পরিবারকে জানায়, ১৩ অক্টোবর দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে বিমানে বেঙ্গালুরু যান নাবালিকা। সম্ভাব্য অবস্থানের সূত্র ধরে মুম্বইয়েও খোঁজ চালিয়েছিল পরিবার, কিন্তু সাফল্য মেলেনি।

পরে ত্রিপুরার এক সমাজকর্মী নাবালিকার অবস্থানের সন্ধান পেয়ে পরিবারকে বেঙ্গালুরু যেতে বলেন। সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় বেঙ্গালুরু বিমানবন্দর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের একটি জায়গায় তাঁর খোঁজ মেলে। সেখানে আরও কয়েক জন শিশু এবং এক জন ছেলে ছিল বলে জানিয়েছেন নাবালিকার বাবা।

উদ্ধার অভিযানে যুক্ত সমাজকর্মী খোকন চন্দ্র পাল জানিয়েছেন, সংগঠনের নেতৃত্বের সঙ্গে যোগাযোগের পরে বেঙ্গালুরু ও মুম্বইয়ের সদস্যদের সাহায্যে নাবালিকার অবস্থান চিহ্নিত করা হয়। সমন্বিত এই তৎপরতার জেরেই দুদিন আগে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর দাবি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বিষয়টির উপর নজর রেখেছিলেন এবং প্রশাসনও উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করেছে।